মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

তেহরান, ১৫ মার্চ – মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে তারা ইরাকের এরবিলে অবস্থিত আল হারির বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি সমাবেশ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
একই সঙ্গে আলি আল সালেম এবং আরিফজান ঘাঁটিতেও উন্নত প্রযুক্তির ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় যে এই হামলাগুলো মূলত অপারেশন ট্রু প্রমিস ৪ এর ৫২তম ধাপের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার প্রতিশোধ নিতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। সামরিক অভিযানের পাশাপাশি এই বিবৃতির মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি যদি এখনও জীবিত থাকেন তবে তাকে খুঁজে বের করে সর্বশক্তি দিয়ে হত্যার চেষ্টা অব্যাহত রাখা হবে।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









