ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

বাগদাদ, ১৫ মার্চ – ইরাকের পশ্চিমাঞ্চলে একটি সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শত্রুপক্ষের কোনো হামলা বা নিজেদের বাহিনীর ভুলবশত গুলির কারণে এই দুর্ঘটনা ঘটেনি। নিহত এই ছয় সেনা সদস্যের মধ্যে তিনজন ছিলেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য।
তারা হলেন আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা ৩৩ বছর বয়সী জন ক্লিনার, ওয়াশিংটনের কোভিংটন এলাকার ৩১ বছর বয়সী আরিয়ানা সাভিনো এবং কেনটাকির বার্ডসটাউনের ৩৪ বছর বয়সী অ্যাশলি প্রুইট। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। তারা হলেন ইন্ডিয়ানার মুরসভিল এলাকার ৩৮ বছর বয়সী সেথ কোভাল, ওহাইওর উইলমিংটনের ৩০ বছর বয়সী কার্টিস অ্যাংস্ট এবং একই অঙ্গরাজ্যের কলম্বাসের ২৮ বছর বয়সী টাইলার সিমন্স। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও নিশ্চিত করেছিল যে, বিমানটি হারানোর পেছনে শত্রুপক্ষের কোনো ভূমিকা নেই।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









