ইরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

তেহরান, ১৫ মার্চ – ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে ফাঁসানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নকল ড্রোন ব্যবহার করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে তেহরান। ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে লুকাস নামক ড্রোন তৈরি করেছে। এই নকল ড্রোন ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে এবং সুকৌশলে এর দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ইরানি গণমাধ্যম আইআরআইবি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোতে একাধিক বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এসব হামলার দায় অন্যায়ভাবে ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর অপচেষ্টা চলছে। বিবৃতিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে, এ ধরনের কূটকৌশলের মূল উদ্দেশ্য হলো ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ আইনি পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা। একই সঙ্গে তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নষ্ট করে অঞ্চলে বিভেদ ও সংঘাত সৃষ্টি করাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









