আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার, সমাপনীতে থাকছে নানা আয়োজন

ঢাকা, ১৫ মার্চ – অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। শেষ দিনে মেলা প্রাঙ্গণ দুপুর ২টায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে এবং চলবে রাত ৯টা পর্যন্ত। আজ বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এবারের বইমেলার সার্বিক প্রতিবেদন তুলে ধরবেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান উপস্থিত থাকবেন। অন্যান্য বছরের মতো এবারও বইমেলায় বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার প্রদান করা হবে।
এর মধ্যে রয়েছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার। সমাপনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









