আজ আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

ঢাকা, ১৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন রোববার বেলা ১১টা থেকে পুনরায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন এই সংসদের যাত্রা শুরু হয়। ওইদিন রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ রোববার পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেছিলেন।
জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত দিনের কার্যসূচি অনুযায়ী রোববার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে।
এছাড়া জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধির আওতায় প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় এই অধিবেশন বসবে।
শনিবার সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের ২৭টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
এর আগে প্রথম অধিবেশনের শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম নির্বাচিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









