বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাগেরহাট, ১৫ মার্চ – বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে তার একটি টিনের দোকান রয়েছে এবং তিনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতে নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানবাজারের সামনের সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব কুমার পাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ব্যবসায়ী সোহাগ শেখকে গুলি করে পালিয়ে যায়। তার শরীরে তিনটি গুলি লেগেছে। বর্তমানে মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পূর্ণাঙ্গ সুরতহাল প্রতিবেদন শেষে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
জড়িত আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









