জাতীয়

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ ও ল্যাপটপসহ যুবক আটক

ঢাকা, ১৪ মার্চ – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ রাসেল আহমেদ নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটকের সময় তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।

শনিবার সকালে বিমানবন্দরের আগমনী ক্যানোপি এক এর বাইরে থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহভাজন হিসেবে রাসেলকে তল্লাশি করার পর তার কাঁধব্যাগ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ছয় লাখ একচল্লিশ হাজার নয়শ দশ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল আহমেদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব স্বর্ণালংকার এবং ইলেকট্রনিকস পণ্য অজ্ঞাত যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করতেন। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত এবং মূলত পণ্য গ্রহণকারী বা রিসিভার হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় রাসেলের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, বিমানবন্দরকে ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language