বলিউড

হুরুন রিচ লিস্টে শাহরুখ খান: সম্পদের পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা

মুম্বাই, ১৪ মার্চ – বলিউড বাদশা শাহরুখ খান আবারও বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছেন। সদ্য প্রকাশিত ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি সফল ব্যবসা পরিচালনা এবং ব্র্যান্ডিং তাকে এই অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

গত ৫ মার্চ প্রকাশিত এই তালিকায় ১৫ জানুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব ধরা হয়েছে। বিশ্বের বিলিয়নিয়ারদের এই তালিকায় ভারত বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। দেশটির মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন।

তবে গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদ কিছুটা কমেছে। ২০২৫ সালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এই তালিকায় শাহরুখের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন সংগীত তারকার নামও রয়েছে। এর মধ্যে জে জেডের সম্পদ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার, টেইলর সুইফটের ১ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং রিহানার সম্পদ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

শাহরুখ খানের এই বিপুল সম্পদের উৎস কেবল চলচ্চিত্র নয়। দীর্ঘ কর্মজীবনে তিনি একটি শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বলিউডের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। পাশাপাশি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসাতেও তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। কাজের ক্ষেত্রেও এই বলিউড সুপারস্টার বেশ ব্যস্ত সময় পার করছেন।

বর্তমানে তিনি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ নামক একটি নতুন চলচ্চিত্রের কাজ করছেন। এই ছবিতে তার মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

এছাড়াও ছবিটিতে অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফসহ আরও অনেকেই। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা শাহরুখ খান এখন শুধু একজন অভিনেতাই নন, বরং একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language