জাতীয়

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দুই বাংলাদেশির মরদেহ আসছে রোববার

ঢাকা, ১৪ মার্চ – মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে মো. সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ রোববার দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুই বাংলাদেশি বর্তমানে রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১২ মার্চ রাতে রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত দিগুরা আইল্যান্ডের একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। অন্যদিকে আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য মালে শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই মালের বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছেন। পাশাপাশি নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। দুর্ঘটনার পরপরই হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করেন।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং গালুলু মর্গে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশ হাইকমিশন এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language