উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ঢাকা, ১৪ মার্চ – প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নেওয়া হবে। তার সঙ্গে স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস ভাশন থাকবেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের প্রতিবেদন বেশ ভালো এসেছে।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে অবনতির বিষয়টি ধরা পড়লে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অধীনে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে তাকে দেখতে যান।
এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অনেক বিশিষ্ট নেতা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নিয়েছেন।
এনএন/ ১৪ মার্চ ২০২৬









