মধ্যপ্রাচ্য

যুদ্ধজাহাজে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৪ মার্চ – ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনায় হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আজ শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আইআরআইএস দেনার ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে অসংখ্য ক্রুকে হত্যা করা হয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান এই বর্বরোচিত হামলার উপযুক্ত প্রতিশোধ নেবে।

মেজর জেনারেল হাতামি আরও উল্লেখ করেন, আইআরআইএস দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে মিলন ২০২৬ শীর্ষক আন্তর্জাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হয়। ৭০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত এই মহড়ায় ইরান তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা নিয়ে অংশ নিয়েছিল। মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়। এতে ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শুক্রবার তেহরানের কাছে হস্তান্তর করেছে।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language