আফ্রিকা

সুদানের বাজারে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১১, জাতিসংঘের সতর্কতা

খারতুম, ১৪ মার্চ – পশ্চিম সুদানের একটি ব্যস্ত বাজারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় শিশুসহ আরও অনেক বেসামরিক নাগরিক গুরুতর আহত হন। সুদানের চাদ সীমান্তবর্তী আদিকং বাজারে এই হামলার পর সেখানে থাকা জ্বালানির মজুদে আগুন ধরে যায়। বৃহস্পতিবার সেই আগুন দ্রুত চারপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বা এমএসএফ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে তারা সীমান্তের ওপারে আদ্রে এলাকার একটি হাসপাতালে ২০ জনের বেশি আহত মানুষকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে।

এমএসএফ জানিয়েছে এক মাসেরও কম সময়ের মধ্যে একই এলাকায় এটি দ্বিতীয় মারাত্মক ড্রোন হামলার ঘটনা। এদিকে এই ঘটনার পর জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে দেশটিতে দ্রুত বিমান হামলা বৃদ্ধি পাচ্ছে এবং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ২০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে চলমান যুদ্ধে ড্রোন একটি প্রধান অস্ত্র হয়ে উঠেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বৃহস্পতিবার জানান যুদ্ধে সাধারণ মানুষের ওপর এমন বিমান হামলার তীব্রতা দেখে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আরও জানান ৪ মার্চ থেকে কর্ডোফান অঞ্চল এবং হোয়াইট নাইল রাজ্য জুড়ে ড্রোনের আঘাতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language