জাতীয়

৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা

ঢাকা, ১৪ মার্চ – আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সভা শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পত্তি এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারের হাতে ন্যস্ত করা হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং ১৩১ বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language