নড়িয়ায় ৭০০ দুস্থ পরিবারের মাঝে হালিমা-খালেক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

শরীয়তপুর, ১৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় প্রায় সাতশো অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় হালিমা খালেক ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব উপহার তুলে দেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, এই উপহার সামগ্রী তাদের ঈদের প্রস্তুতিতে অনেকটা স্বস্তি নিয়ে এসেছে।
সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, হালিমা খালেক ফাউন্ডেশনের উদ্যোগে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় সাতশো দরিদ্র পরিবারের কাছে আমরা এই সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর রমজান মাসে এই ফাউন্ডেশনের কার্যক্রম আরও প্রসারিত হবে। সমাজে দারিদ্র্য এমনভাবে হ্রাস পাবে যে, সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
সমাজ থেকে গৃহহীন ও বঞ্চিত মানুষের কষ্ট লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে যেসব বয়স্ক মানুষের দেখাশোনা করার কেউ নেই এবং অনেক সময় অনাহারে দিন কাটাতে বাধ্য হন, তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।
সংসদ সদস্য আরও বলেন, নড়িয়া ও সখিপুর এলাকার কোনো মানুষ যেন আর কখনো না খেয়ে ঘুমাতে না যায়, সেটিই তার মূল অঙ্গীকার।
ঈদ সামগ্রী বিতরণকালে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট বিএম আজিজুল হাকিম, হালিমা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ, পরিচালক মাহবুবুর রহমান ফকির, মোসাম্মৎ সাধনা মাঝি এবং হোসাইন ইসলাম জয়সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ এম/ ১৪ মার্চ ২০২৬









