পূর্ব সাগরে একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

পিওং ইয়াং, ১৪ মার্চ – পূর্ব সাগরের দিকে একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে দেশটির সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বা জেসিএস নিশ্চিত করেছে। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া তাদের নজরদারি এবং সতর্কতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে নিবিড়ভাবে তথ্য আদানপ্রদান করে সর্বোচ্চ প্রস্তুতিমূলক অবস্থান নেওয়া হয়েছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার এশিয়া সফরের সময়ও উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু হওয়ার কড়া প্রতিক্রিয়া হিসেবেই পিয়ংইয়ং এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত ৯ মার্চ শুরু হওয়া এই সামরিক মহড়া চলবে ১৯ মার্চ পর্যন্ত। উত্তর কোরিয়া শুরু থেকেই এই মহড়াকে আক্রমণাত্মক হিসেবে আখ্যায়িত করে আসছে। এদিকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো-জং এই মহড়ার তীব্র সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, তাদের দেশের সার্বভৌম সীমানার কাছাকাছি এ ধরনের সামরিক উসকানি কল্পনাতীত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









