মধ্যপ্রাচ্য

ইরানি হামলায় সৌদিতে মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদে রকেট

বাগদাদ, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। সৌদি আরবে মোতায়েন করা মার্কিন বিমানবাহিনীর পাঁচটি শক্তিশালী রিফুয়েলিং বিমান ইরানি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে থাকা এই মার্কিন বিমানগুলো ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কার্যকারিতা হারিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বাগদাদে উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসে রকেট হামলা চালানো হয়। হামলার পরপরই দূতাবাস চত্বর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং পুরো এলাকায় সতর্কসংকেত বাজতে থাকে। আকস্মিক এই হামলায় দূতাবাসের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের ধারণা, ইরানের খারগ দ্বীপে সাম্প্রতিক হামলার পর এটি তেহরানের পক্ষ থেকে একটি বড় পাল্টা জবাব। ইরান পূর্বেই সতর্ক করেছিল যে তাদের তেল বা সামরিক স্থাপনায় হামলা হলে এই অঞ্চলে আমেরিকার যেকোনো স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানা হবে। সৌদি আরবে মার্কিন সামরিক বিমান এবং বাগদাদ দূতাবাসে এই হামলাকে সেই সতর্কবার্তার বাস্তব প্রতিফলন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ধারাবাহিক এসব হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, যার বিরূপ প্রভাব বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে পড়ার আশঙ্কা রয়েছে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language