জাতীয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ছিল, জনগণের নয়: হুমায়ুন কবির

সিলেট, ১৪ মার্চ – প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গত ১৫ থেকে ১৬ বছর ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক ছিল না। ভারতের সরকারের সম্পর্ক ছিল কেবল শেখ হাসিনার সঙ্গে। তবে বর্তমান সরকার ভারতের সঙ্গে একটি টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে টেকসই সম্পর্ক বজায় রাখতে হলে জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক থাকা আবশ্যক। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে বসে তিনি যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তবে ভারতের সঙ্গে সম্পর্ক টেকসই করা সম্ভব হবে না। এই বিষয়টি নিশ্চিত করা গেলে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের কোনো আপত্তি নেই।

জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আমদানি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের চাহিদা পূরণে যেখানে ন্যায্য মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সরকার সেখান থেকেই তা কিনবে। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশ সরকারের তালিকায় নেই।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন এবং ফ্লাইটের ব্যবস্থাসহ আনুষঙ্গিক সব উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language