মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে শাহজালালে আরও ২৪ ফ্লাইট বাতিল

ঢাকা, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান এই সিদ্ধান্ত কার্যকর করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার ১৪ মার্চ ঢাকা থেকে মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সূত্রে জানা যায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি এবং ১৩ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল হয়। সবশেষ শনিবার ১৪ মার্চ আরও ২৪টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এ পর্যন্ত সর্বমোট ৪৭৫টি ফ্লাইট বাতিল হলো।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
এই অচলাবস্থার কারণে হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
এনএন/ ১৪ মার্চ ২০২৬









