নেত্রকোনা

নেত্রকোনায় পৃথক বজ্রপাতে কৃষক ও রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনা, ১৩ মার্চ – নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক এবং এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার এবং দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রি আকাশ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রাজমিস্ত্রি আকাশ মিয়া কাজের জন্য বাড়ি থেকে বের হলে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে একটি ধানখেতের পাশে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন। এই চিকিৎসক জানান হাসপাতালে আনার পর পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তার শরীরে বজ্রপাতে আঘাতের স্পষ্ট লক্ষণ ছিল।

নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার জানিয়েছেন বজ্রপাতে নিহত দুই ব্যক্তির পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং শুকনো খাবার প্রদান করা হয়েছে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language