এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ঢাকা, ১৩ মার্চ – রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে। শারীরিক জটিলতা দেখা দেওয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই অস্ত্রোপচার শুরু হয়।
এর আগে একই দিন বিকেল ৩টায় তার প্রথম অস্ত্রোপচার শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, দ্বিতীয় দফার অস্ত্রোপচার শেষে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।
মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শুক্রবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এনএন/ ১৩ মার্চ ২০২৬









