ইরানের ড্রোন হামলার নেপথ্যে রাশিয়ার হাত থাকতে পারে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ওয়াশিংটন, ১৩ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত থাকার সম্ভাবনা রয়েছে। গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে।
এতে রাশিয়া বা অন্য কোনো দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির অস্তিত্ব রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি জানান, তদন্ত শেষে এ বিষয়ে প্রাপ্ত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকলে অবাক হওয়ার কিছু নেই। বিশেষ করে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভ্লাদিমির পুতিন আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
এস এম/ ১৩ মার্চ ২০২৬









