জাতীয়

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুর, ১৩ মার্চ – পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। দীর্ঘ সময়ের এই জমে থাকা জঞ্জাল বর্তমান সরকারকে পরিষ্কার করতে হবে।

শুক্রবার সকালে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, বর্তমান সরকার জনগণের স্বার্থ ও মঙ্গলের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করেছে, তা সকলের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে বাস্তবায়ন করা হবে।

আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি শুরু হবে। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর শাসনামলে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সে সময় এই উদ্যোগের ফলে ফসল উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং মাছ চাষ ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতায় এখন তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে এই খাল খনন কর্মসূচিকে এগিয়ে নেওয়া হবে।

খাল দখলকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, যারা অবৈধভাবে খালের জায়গা দখল করেছেন এবং বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলছেন, তাদের এখন থেকেই সতর্ক ও সজাগ হতে হবে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language