ইরাকে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক বিমানের ছবি প্রকাশ, নিহত চার সেনা

বাগদাদ, ১৩ মার্চ – ইরাকে দুর্ঘটনার শিকার হওয়া একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানের ছবি প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। প্রকাশিত ছবিতে দেখা যায়, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত একটি কেসি ১৩৫ বিমানের লেজের একটি বড় অংশ ভেঙে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী ইসরায়েলি সংবাদমাধ্যম কান এই ছবিটি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ঘটনার সময় আকাশে আরেকটি বিমান উপস্থিত ছিল।
সেটি পরবর্তীতে ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। বৃহস্পতিবারের ওই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চারজন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। বিমানে থাকা আরও দুইজন ক্রু সদস্যকে উদ্ধারে বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেন্টকম। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই ঘটনার দায় স্বীকার করেছে। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওই কেসি ১৩৫ স্ট্র্যাটোট্যাংকারটি ভূপাতিত করেছে।
বিমানটির গায়ে থাকা চিহ্ন থেকে নিশ্চিত হওয়া গেছে যে এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বিল এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়ন করেছিল। ওই সামরিক ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর রিজার্ভ কমান্ডের ৯৪০তম এয়ার রিফুয়েলিং উইংয়ের অবস্থান রয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের হামলার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বর্তমানে তদন্ত চলছে। যুদ্ধরত সামরিক বিমানে জ্বালানি সরবরাহ করতে এই দামি স্ট্র্যাটোট্যাংকারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এস এম/ ১৩ মার্চ ২০২৬









