জাতীয়

বইমেলায় ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ড প্রতিরোধক লিফলেট বিতরণ

ঢাকা, ১৩ মার্চ – অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শুক্রবার বিকেলে মেলা প্রাঙ্গণে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় আগত দর্শনার্থী ও বিভিন্ন স্টলের কর্মীদের হাতে সচেতনতামূলক এই লিফলেট তুলে দেওয়া হয়। কার্যক্রম চলাকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর উপস্থিত থেকে এই লিফলেট গ্রহণ করেন। তাঁরা ফায়ার সার্ভিসের এমন সময়োপযোগী উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণের স্টলগুলোতে অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেট দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানটি নিয়মিত গণসংযোগ ও মহড়াসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া মেলায় আগতদের মাঝে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এর ব্যাপক প্রচার করা হয়। একজন দর্শনার্থী পরীক্ষামূলকভাবে হটলাইনে কল করে তাৎক্ষণিক সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language