শিক্ষা

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

চাঁদপুর, ১৩ মার্চ – মন্ত্রী বা অতিথিদের সংবর্ধনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে এমন কোনো আয়োজন করতে পারবে না।

শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কড়া নির্দেশনা প্রদান করেন।

জানা যায়, ওই অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তার পাশে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে মন্ত্রী তাৎক্ষণিকভাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, তাকে একজন সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে হবে। তার জন্য বা অন্য কোনো অতিথির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে কষ্ট দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শিক্ষকদের দ্রুত শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের আর কখনো রোদে পুড়ে রাস্তায় দাঁড়ানোর প্রয়োজন নেই। তিনি নিজেই বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। পরে তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language