আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলা: নিহত ৬, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবানের

কাবুল, ১৩ মার্চ – আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের কাছে অবস্থিত বেসরকারি বিমান সংস্থা কাম এয়ারের একটি জ্বালানি ডিপোতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান।
শুক্রবার তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। উত্তেজনা কমানোর নানা প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সংঘাত পুনরায় বৃদ্ধি পেয়েছে। তালেবান আরও জানায় রাতভর চালানো এই হামলায় রাজধানী কাবুল এবং পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আবাসিক এলাকাগুলোতেও আঘাত হানা হয়েছে।
এসব হামলায় শিশুসহ অন্তত ছয়জন নিহত এবং ১২ জনের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন। স্থানীয় ৩৫ বছর বয়সী বাসিন্দা মুরসেলিন রয়টার্সকে তার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন ঘুম থেকে ওঠার পর তিনি চারদিকে শুধু ধুলো দেখতে পান এবং জানালার কাঁচ ভাঙা থাকায় শুরুতে কিছু শুনতে পারছিলেন না।
কয়েক মিনিট পর তিনি তার সন্তানদের চিৎকার শুনতে পান যারা অত্যন্ত ভীত অবস্থায় ছিল। এই হামলায় তার বোন এবং দুই সন্তানও আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন কাম এয়ার নামের ওই প্রতিষ্ঠানটি বেসামরিক বিমান সংস্থার পাশাপাশি জাতিসংঘের বিমানগুলোতেও জ্বালানি সরবরাহ করে থাকে।
তিনি জানান পাকিস্তান কাবুলসহ অন্যান্য এলাকায়ও বোমা হামলা চালিয়েছে এবং বেসামরিক বাড়িঘর লক্ষ্যবস্তু হওয়ায় নারী ও শিশু নিহত হয়েছে। এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত মাসেও আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি বিমান হামলার জেরে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সূত্রপাত হয়। ইসলামাবাদের দাবি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
অন্যদিকে আফগানিস্তান এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে পাল্টা হামলা চালায়। সর্বশেষ এই ঘটনার আগে সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের কেউই নতুন করে কোনো বিমান হামলার খবর দেয়নি। এমনকি দীর্ঘ সীমান্তে স্থলভাগের সংঘর্ষও কিছুটা কমে এসেছিল।
এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পাকিস্তান সরকারের দাবি তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
মূলত এই ইস্যুটিকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সৃষ্টি হয়েছে। তবে তালেবান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি পাকিস্তানে হামলার ঘটনাগুলো সম্পূর্ণভাবে ইসলামাবাদের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা।
এ এম/ ১৩ মার্চ ২০২৬









