মধ্যপ্রাচ্য

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র সংঘাতে ২৪ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

তেহরান, ১৩ মার্চ – ইরান এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫৩১টি বেসামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৭৭৫টি আবাসিক ভবন বা ইউনিট রয়েছে।

শুক্রবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে যে এই সংঘাতে অন্তত চার হাজার ৫১১টি ব্যবসাপ্রতিষ্ঠানও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

এই বিপুল সংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কারণে সেখানকার সাধারণ মানুষের অর্থনৈতিক জীবন ও জীবিকার ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া চলমান এই হামলায় অন্তত ৬৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে ১৯৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী তাদের নিজস্ব ১৬টি কেন্দ্র হামলার শিকার হয়েছে। পাশাপাশি মানবিক সহায়তার কাজে নিয়োজিত ২১টি উদ্ধার ও ত্রাণবাহী যানবাহন এবং ১৯টি অ্যাম্বুলেন্সও হামলার কারণে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

এ এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language