মালদ্বীপ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু*

মালদ্বীপ, ১৩ মার্চ – মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডে একটি নির্মাণাধীন কম্পানির শ্রমিক আবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ভয়াবহ ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

পাশাপাশি আরও দুই প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার, ১৩ মার্চ মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে নিহতদের নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার।

অন্যদিকে, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। বর্তমানে তাদেরকে মালদ্বীপের রাজধানী মালে অবস্থিত আইজিএম হাসপাতালে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আহতদের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন। এছাড়া, নিহত পাঁচ বাংলাদেশির মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language