উত্তর আমেরিকা

ইরানের নেতাদের হত্যা করা মহা সম্মানের, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের দম্ভোক্তি

ওয়াশিংটন, ১৩ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা এক বিশাল সম্মানের বিষয়।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। শুক্রবার সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারা ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য সব দিক দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছেন। তার দাবি, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীর আর কোনো অস্তিত্ব নেই।

তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ অন্যান্য সবকিছু ধ্বংস করা হচ্ছে এবং তাদের নেতাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় অস্ত্রশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে। তিনি জানান, গত ৪৭ বছর ধরে ইরান সারা বিশ্বে নিরীহ মানুষদের হত্যা করে আসছে।

এখন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তিনি তাদের হত্যা করছেন, যা তার কাছে অনেক বড় সম্মানের। এর আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

তাই তেলের দাম বাড়লে তারা প্রচুর অর্থ উপার্জন করে। তবে তার মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। তিনি জানান, ট্রাম্প যে যুদ্ধের সূচনা করেছেন, তাতে আমেরিকার কর্মজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কেলি আরও বলেন, জ্বালানির এই আকাশছোঁয়া দামের ফলে কেবল বড় বড় তেল কোম্পানিগুলোই লাভবান হচ্ছে। ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মার্ক কেলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরও লেখেন, ট্রাম্প শুধু ধনী ব্যক্তিদের কথা চিন্তা করেন বলেই এই পরিস্থিতিতে আনন্দিত হচ্ছেন।

এ এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language