ঈদে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করল রেলওয়ে

ঢাকা, ১৩ মার্চ – আসন্ন ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) থেকে এ টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকিট। রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী— ২৩ মার্চের টিকিট: ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট: ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট: ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট: ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট: ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট: ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট: ১৯ মার্চ
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এনএন/ ১৩ মার্চ ২০২৬









