ফুটবল

যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, ট্রাম্পের উদ্বেগ

ওয়াশিংটন, ১৩ মার্চ – ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে বিরাজ করছে অস্থিরতা। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়া জগতেও। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এরই মধ্যে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে বিশ্বকাপে ইরানকে স্বাগত জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ কতটা নিরাপদ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি উল্লেখ করেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত জানানো হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেখানে তাদের উপস্থিতি নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে বলে তিনি মনে করেন না।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এরই মধ্যে তাদের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের আসরে জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসর।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গ্রুপ নিশ্চিত হওয়ার পরও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের সরকারও এ বিষয়ে সংশয় প্রকাশ করেছে।

দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি এক সাক্ষাৎকারে জানান যে বর্তমান পরিস্থিতিতে তারা কোনোভাবেই বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তিনি উল্লেখ করেন, খেলোয়াড়রা নিরাপদ নয় এবং আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিবেশও বর্তমানে নেই।

তিনি আরও জানান যে তাদের কাছে দেশের সম্মান ও নিরাপত্তা সবার আগে। এমন জটিল পরিস্থিতিতে খেলাধুলার মতো আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত কঠিন।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি রয়েছে। সময় যত ঘনিয়ে আসবে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টি তত বেশি স্পষ্ট হবে। যদি শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তবে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা অন্য কোনো দলকে সেই সুযোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language