ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি

বৈরুত, ১৩ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৮৭ জনের প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ৯৮ জন শিশু, ৬২ জন নারী এবং ১৮ জন প্যারামেডিক রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে আহত হয়েছেন মোট ১ হাজার ৭৭৪ জন। আহতদের তালিকায় ৩০৪ জন শিশু, ৩২৮ জন নারী এবং ৪৫ জন প্যারামেডিক রয়েছেন।
গত ২ মার্চ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। জানা যায়, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিবাদে এই হামলা চালানো হয়। এর জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে তীব্র বিমান হামলা চালিয়েছে। এছাড়া ৩ মার্চ থেকে দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযানও শুরু করেছে তারা।
এনএন/ ১৩ মার্চ ২০২৬









