ব্যবসা

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

ঢাকা, ১৩ মার্চ – দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য নিশ্চিত করেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম হ্রাস পাওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।

২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language