উত্তর আমেরিকা

ইরানের হুমকিতে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৩ মার্চ – দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার বাংলাদেশ সময় অনুযায়ী মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে বিক্রির জন্য বিশেষ অনুমতিপত্র প্রদান করা হয়েছে। এই সময়ের মধ্যে এসব পণ্য বিনা বাধায় সরবরাহ করা যাবে।

উল্লেখ্য ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে মস্কোর তেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর থেকে এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হলো। পাশাপাশি ইরানের বর্তমান হুমকি কার্যকরভাবে মোকাবিলা করার জন্যই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ইরাকের মতো দেশগুলো এই অত্যন্ত সরু সামুদ্রিক পথ ব্যবহার করেই বিশ্বব্যাপী তেল ও গ্যাস রপ্তানি করে থাকে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language