খুলনায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বরযাত্রীসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যু

খুলনা, ১৩ মার্চ – বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিলো গভীর শোকে। বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পরিবারের ১৩ জন এবং মাইক্রোবাসের চালকসহ মোট ১৪ জনের প্রাণহানি ঘটেছে।
খুলনার মোংলা উপজেলার শেওলাবুনিয়া এলাকার সাব্বির এবং কয়রা উপজেলার মার্জিয়া মিতু এদিন দুপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নববধূকে নিয়ে পুরো পরিবার মোংলার নিজ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বেলাই ব্রিজ এলাকায় পৌঁছাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ বরের পরিবারের ১০ জন, কনের পরিবারের তিন জন এবং মাইক্রোবাসের চালক নিহত হন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, একটি শিশুসহ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. হাসান নিশ্চিত করেছেন যে নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটিতে বর ও কনে পরিবারের সদস্য এবং চালকসহ মোট ১৫ জন আরোহী ছিলেন।
এই ঘটনায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
এনএন/ ১৩ মার্চ ২০২৬









