জুলাই সনদ ভঙ্গ করে সংসদ শুরু করেছে বিএনপি: সারজিস আলম

পঞ্চগড়, ১২ মার্চ – জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে মেধাবৃত্তি বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন বাংলাদেশের মানুষের কাছে বিএনপি ভালো কোনো বার্তা দিচ্ছে না। জুলাই সনদ অনুযায়ী স্পিকার সরকারি দলের হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিএনপির কায়সার কামালকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। এর মাধ্যমে বিএনপি স্বৈরাচার সরকারের লেজ ধরে তাদের কার্যক্রম শুরু করেছে যা সাধারণ মানুষকে মর্মাহত করেছে।
বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এই সংগঠক বলেন জনগণ ও বিএনপি কর্মীরাও গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে যেন জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং সংস্কার সম্পন্ন হয়। এসব উপেক্ষা করে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করলে সংসদ স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না।
প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসন চাওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান রাষ্ট্রপতির পদত্যাগ এবং শরিফ ওসমান হাদি হত্যার বিচার যত দ্রুত হবে সরকারের জন্য ততই মঙ্গল।
জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সারজিস আলম বলেন জাতীয় নির্বাচনে টার্গেটেড কিছু আসনে প্রভাব খাটানো হয়েছে। বিএনপি নেতাকর্মীরা সাংবাদিকদের কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে ফলাফল প্রভাবিত করেছে বলে তিনি অভিযোগ করেন। তবে স্থানীয় সরকার নির্বাচনে এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান এগারো দলীয় জোট এবার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করবে।
এর আগে কিশোরকণ্ঠ পাঠক ফাউন্ডেশনের আয়োজনে চতুর্থ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, বাইসাইকেল ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন ও ছাত্রশিবির সভাপতি রাশেদ ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ১২ মার্চ ২০২৬









