জাতীয় ক্রীড়া পুরস্কারে থাকছে না আবেদনের নিয়ম, বাছাই করবে কমিটি

ঢাকা, ১২ মার্চ – খেলাধুলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ক্রীড়া ব্যক্তিত্বদের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে থাকে। এত দিন এই পুরস্কার প্রাপ্তির জন্য ক্রীড়াবিদ বা সংগঠকদের আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হতো। পরবর্তীতে একাধিক কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতো।
তবে আগামীতে এই আবেদন প্রথা আর থাকছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি মনে করেন, একজন যোগ্য ক্রীড়াবিদের জন্য পুরস্কার চেয়ে আবেদন করা অত্যন্ত বিব্রতকর একটি বিষয়। তাই প্রকৃত যোগ্যদের সরকার নিজ উদ্যোগেই চিহ্নিত করে পুরস্কৃত করবে।
সাবেক এই তারকা ফুটবলার জানান, যিনি এই পুরস্কারের যোগ্য তাকে আবেদন করতে বলাটা অসম্মানজনক। তাই এই নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মাঝে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমান নীতিমালায় পরিবর্তন এনে একটি সর্বজনস্বীকৃত জাতীয় কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতিবছর যাচাই করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করবে। এভাবেই প্রকৃত ক্রীড়াবিদদের সঠিকভাবে মূল্যায়ন করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একজন প্রকৃত ক্রীড়াবিদ কখনো পুরস্কারের জন্য আবেদন করতে পারেন না। অনেকেই যোগ্য হওয়ার পরও এই বিব্রতকর প্রক্রিয়ার কারণে আবেদন করা থেকে বিরত থাকেন। নতুন নীতিমালার আওতায় জাতীয় কমিটির মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হলে সেটি সবার জন্য অনেক বেশি সম্মানজনক হবে।
এনএন/ ১২ মার্চ ২০২৬









