রেলসেতুতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ, ১২ মার্চ – সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন। আলফির বয়স ১৮ বছর এবং ফয়সালের বয়স ১৯ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক ঘাটিনা রেল ব্রিজে উঠে রেলপথে থাকা শিমুল ফুলের বাগান ও রেলসেতুর দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। এমন সময় হঠাৎ করে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ট্রেনটি কাছাকাছি চলে আসায় তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় দুই তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএন/ ১২ মার্চ ২০২৬









