মধ্যপ্রাচ্য

বসরা উপকূলে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা, নিহত ১ ভারতীয়

বাগদাদ, ১২ মার্চ – ইরাকের বসরা উপকূলের কাছে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় ট্যাংকারটিতে থাকা ভারতীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার বসরার কাছাকাছি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।

বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস নিহত ক্রু সদস্যের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘সেফসি বিষ্ণু’ নামের ওই ট্যাংকারে থাকা বাকি ১৫ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এর আগে একই দিনে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী অপর একটি কার্গো জাহাজে হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিখোঁজ নাবিকদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। জাহাজটি ভারতের গুজরাটের কান্দলা বন্দরের দিকে আসছিল। পরবর্তীতে হরমুজ প্রণালি দিয়ে দুটি ট্যাংকার জাহাজকে নিরাপদ চলাচলের পথ করে দেয় ইরান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এস জয়শঙ্কর। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্তকারী হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে প্রতিদিন চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ এই পথ ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এই পথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পর থেকে হরমুজ প্রণালিতে ১৩টির বেশি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এনএন/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language