মধ্যপ্রাচ্য

প্রথম বার্তা দিচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

তেহরান, ১২ মার্চ – ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বার্তা দিতে যাচ্ছেন মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, শিগগিরই এই বার্তা জনসমক্ষে প্রকাশ করা হবে। গত সপ্তাহান্তে নতুন পদে আসীন হওয়ার পর এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি বা তার কোনো বক্তব্যও গণমাধ্যমে আসেনি। ইরনার প্রতিবেদন অনুযায়ী, সাতটি অংশে বিভক্ত এই বক্তব্যকে একটি কৌশলগত বার্তা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে মোজতবা খামেনির পিতা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা তার স্থলাভিষিক্ত হন। প্রথম এই বার্তায় আঞ্চলিক পরিস্থিতি, শত্রুদের মোকাবিলা করার কৌশল, দেশের সাধারণ জনগণ, সশস্ত্র বাহিনী এবং নির্বাহী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সম্পর্কে বিশদ দিকনির্দেশনা থাকবে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যাদের ইরান অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বলে থাকে, তাদের ভূমিকা নিয়েও নতুন সর্বোচ্চ নেতার অবস্থান স্পষ্ট করা হবে বলে ইরনার খবরে জানানো হয়েছে।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language