বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

বাগেরহাট, ১২ মার্চ – বাগেরহাটের রামপালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল নিশ্চিত করেছেন যে স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রাখা হয়েছে এবং আহতদের খুলনায় পাঠানো হয়েছে। অপরদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ পৌঁছেছে।
নিহতদের মধ্যে তিনজন শিশু তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করে নিবিড়ভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এনএন/ ১২ মার্চ ২০২৬









