ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

ঢাকা, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ মার্চ রবিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই ঘোষণা দেন। ওইদিন বেলা ১১টায় সংসদের দ্বিতীয় কার্যদিবস শুরু হবে। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম চূড়ান্ত করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী ভাষণ প্রদান করেন।
এরপর স্পিকারের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিগত দিনে মৃত্যুবরণকারী সংসদ সদস্য ও জাতীয় নেতাদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ শুরু করলে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার পরপরই বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাকে জুলাইয়ের গাদ্দার আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।
এস এম/ ১২ মার্চ ২০২৬









