জাতীয়

ঈদের ছুটিতে ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা, নতুন সময়সূচি

ঢাকা, ১২ মার্চ – ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ১৮ ও ১৯ মার্চ নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দিন ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের বেতন বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া রফতানি বিল ক্রয়ের লক্ষ্যে ঢাকা মহানগরী আশুলিয়া টঙ্গী গাজীপুর সাভার ভালুকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা খোলা থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বুধবার ও বৃহস্পতিবার সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে এই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই দুই দিন ব্যাংকের অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত। এর মাঝে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে এবং গ্রাহক লেনদেন চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা ব্যাচ এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে। নির্দেশনায় বলা হয় হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে এগারোটার মধ্যে পাঠাতে হবে যা দুপুর সাড়ে বারোটার মধ্যে নিষ্পত্তি করা হবে। অন্যদিকে রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর বারোটার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে এবং এসব চেক দুপুর একটার মধ্যে নিষ্পত্তি হবে। তবে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে। আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন সকাল দশটা থেকে দুপুর পৌনে একটা এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সচল থাকবে। এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সকল তফসিলি ব্যাংক এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language