শাকিব খানের গ্যাংস্টার লুক: প্রকাশ্যে এলো ‘প্রিন্স’ সিনেমার অ্যাকশনধর্মী টিজার

ঢাকা, ১২ মার্চ – আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। বৃহস্পতিবার সিনেমাটির প্রথম ঝলক বা টিজার প্রকাশ পেয়েছে। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারকে নির্মাতারা ‘প্রিব্লাস্ট’ বলে আখ্যা দিয়েছেন। টিজারে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খানকে এক দুর্ধর্ষ গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে। লম্বা বাদামি চুল ও ঘন দাড়িতে সম্পূর্ণ নতুন এক রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। দুই হাতে সাবলীলভাবে বন্দুক চালানো, শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া এবং ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা যায় তাকে।
এছাড়া টিজারের এক পর্যায়ে শাকিব খানের ছোট চুলের আরেকটি লুকও দর্শকদের নজর কেড়েছে। টিজারে শাকিব খানের পাশাপাশি বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে একঝলক দেখা মিলেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর। টিজারের শেষভাগে শাকিব খানের কণ্ঠে শোনা যায় একটি চমকপ্রদ সংলাপ। তিনি বলেন, আমার সাথে যে ধান্ধা করবে তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্যসহ আরও অনেকে। ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে।
এস এম/ ১২ মার্চ ২০২৬









