হাদী হত্যা মামলার পুনঃতদন্ত ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাকা, ১২ মার্চ – শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার পুনঃতদন্ত এবং এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইকবাল হাসান স্বপন। মানববন্ধনে বক্তারা দাবি করেন ভারতে গ্রেপ্তার হওয়া হাদী হত্যা মামলার মূল আসামি ফয়সাল ও আলমগীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
তাদের জবানবন্দির ভিত্তিতে মামলাটি পুনঃতদন্ত করার জোর দাবি জানান তারা। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং অর্থ জোগানদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাব্বীর সাবেক ছাত্রনেতা ভিপি মাসুম আমির হোসেন বাদশা বিএনজিপির চেয়ারম্যান নাসির উদ্দিন মৃধা ও শহীদুন্নবী ডাবলু।
এস এম/ ১২ মার্চ ২০২৬









