জাতীয়

প্রতিশ্রুতি বাস্তবায়ন ও কৃচ্ছ্রসাধনে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১২ মার্চ – গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ১২ লাখ কৃষকের প্রায় ১৫ হাজার কোটি টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়। ক্ষমতার প্রথম ২১ থেকে ২২ দিনের মধ্যেই দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন।

এর অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে কালীমন্দির সংস্কারকাজের উদ্বোধন করা হয়। ঢাকা সিটি করপোরেশনের দুই প্রশাসকের উপস্থিতিতে নতুন নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও কিছু অগ্রগতি লক্ষ্য করা গেছে। আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিকে ভারত গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ডিজেল আমদানি করছে।

ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃচ্ছ্রসাধনের উদাহরণ তৈরি করেছেন। তিনি শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রীদের বড় গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। তিনি নিজে ভিভিআইপি প্রোটোকল পরিহার করে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন এবং পরিবারের সদস্যদের জন্য এসএসএফ নিরাপত্তা গ্রহণ করেননি।

ব্যক্তিগত গাড়ি ব্যবহার এবং নিজের বেতনের টাকায় চালক ও জ্বালানির ব্যয়ভার বহন করছেন তিনি। সরকারি ছুটির দিনেও তিনি দাপ্তরিক কাজ করছেন এবং প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়ার মাধ্যমে সময়ানুবর্তিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই রুটিন অনুসরণ করে মন্ত্রিসভার সদস্য এবং সচিবরাও সময়মতো অফিসে উপস্থিত হচ্ছেন।

প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে এবং রাজনৈতিক শিষ্টাচারের নতুন মানদণ্ড প্রতিষ্ঠায় এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language