কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, অবকাঠামোর ব্যাপক ক্ষতি

দোহা, ১২ মার্চ – কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইরানের চালানো এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে যে একাধিক ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। হামলায় অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কুয়েত নিউজ এজেন্সির ডিরেক্টরেটের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানান যে জরুরি পরিকল্পনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি কুয়েত রাষ্ট্র, এর আমির, জনগণ ও সরকারকে যেকোনো ক্ষতি থেকে রক্ষার জন্য প্রার্থনা করেন। এদিকে ইরান যুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। দেশটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। কুয়েত কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন।
এ এম/ ১২ মার্চ ২০২৬









