মধ্যপ্রাচ্য

তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় আইআরজিসি ও বাসিজ বাহিনীর ১০ সদস্য নিহত

তেহরান, ১২ মার্চ – ইরানের রাজধানী তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি এবং আধা সামরিক বাহিনী বাসিজের বিভিন্ন তল্লাশি চৌকি লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তেহরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব তল্লাশি চৌকি আইআরজিসি ও বাসিজ বাহিনী যৌথভাবে পরিচালনা করে।

বাসিজ মূলত একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক গোষ্ঠী যারা ইরানি শাসনব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে এবং জনসমক্ষে ইসলামি নৈতিকতা বজায় রাখার দায়িত্ব পালন করে। সাধারণত রক্ষণশীল ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা কট্টরপন্থীরা এই বাহিনীতে যোগ দিয়ে থাকেন। চলতি বছরের শুরুর দিকে ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা ও সরকারবিরোধী বিক্ষোভ দমনেও বাসিজ বাহিনীর সদস্যদের প্রথম সারিতে দেখা গিয়েছিল। অন্যদিকে এই ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language