বর্তমান সংসদ জনগণের সংসদ, প্রত্যাশা পূরণে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১২ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ।
দেশের সাধারণ মানুষ এই সংসদের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তিনি উল্লেখ করেন, আজ থেকে স্পিকার আর কোনো নির্দিষ্ট দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশের স্বাধীনতাকামী এবং গণতান্ত্রিক মানুষের প্রত্যাশা পূরণে এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বর্তমান সংসদকে অর্থবহ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সে সময় জনগণকে একটি দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয় এবং সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের একটি ক্লাবে পরিণত করা হয়েছিল।
বিগত দেড় দশকে যারা নিজেদের সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতেন, তাদের কেউই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছিলেন না বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে বলে তিনি জোর দিয়ে জানান। সংসদীয় বিতর্কের বিষয়ে তারেক রহমান বলেন, কেবল বিরোধিতার জন্য বিরোধিতা না করে বরং সুনির্দিষ্ট যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চায় তার দল।
এক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। জাতীয় সংসদের সদস্য হিসেবে সুষ্ঠুভাবে সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে স্পিকারকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ এম/ ১২ মার্চ ২০২৬









