সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম ইকবাল

ঢাকা, ১২ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসনিক পদে কাজ করতে চান তিনি। বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে তামিমের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ওই সময় ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও তার সঙ্গে নির্বাচন বর্জন করেছিল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই তারকা ব্যাটার। পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেন তিনি।
তবে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে তার জায়গা হয়নি। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর দেখা না গেলেও ঘরোয়া ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে তিনি বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের একটি পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে তিনি বিসিবি সভাপতি হতে চান কি না।
জবাবে তিনি ইতিবাচক মনোভাব পোষণ করে বলেন যে সুযোগ এলে অবশ্যই তিনি এই দায়িত্ব নিতে প্রস্তুত। নিজেকে এই পদের জন্য সম্পূর্ণ যোগ্য বলে মনে করেন এই সাবেক অধিনায়ক।
তার মতে, ক্রিকেটের অভ্যন্তরীণ কাজ সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে এবং তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম মনে করেন, অভিজ্ঞতার চেয়ে সৎ উদ্দেশ্য থাকাটা বেশি জরুরি।
দীর্ঘ সময় ধরে অভিজ্ঞ ব্যক্তিরা বিসিবি পরিচালনা করলেও খুব একটা ভালো ফলাফল আসেনি বলে মন্তব্য করেন তিনি। তাই এতদিন অভিজ্ঞদের ওপর আস্থা রাখার পর এখন নতুনদের সুযোগ দিয়ে দেখার আহ্বান জানান তামিম।
এ এম/ ১২ মার্চ ২০২৬









